চট্টগ্রাম বিমানবন্দর

চার্জার-এয়ারপডে কোটি টাকার সোনা এনে হাতেনাতে ধরা 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৭ লাখ টাকার ৯১০ গ্রাম ওজনের স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত টিম। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করে আটক করা হয়।

আটক ওই যাত্রীর নাম মোহাম্মদ মোকসুদ আহমেদ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোভাষী পাড়ায়। শারজাহর এই যাত্রী থেকে উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করে তাকে নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল সাড়ে সাতটায় শারজাহ থেকে এয়ার আরাবিয়ার ফ্লাইট (জি৯-৫২৬) বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে আসা ইকে-০৫৪২০১৩ পাসপোর্টধারী যাত্রী মোকসুদ আহমেদ এয়ারপোর্টের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে করে তল্লাশি করা হয়।

এ সময় তার হাতঘড়ির চেইন আকারে মোবাইল এডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর থেকে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের স্বর্ণ পাওয়া যায়। এছাড়া অঘোষিত ১৬ পিস ডলফিনের মতো লকেট ২১৫ গ্রাম, ৭৮ পিস তারকার মতো লকেট ১২৮ গ্রাম, বার ৩০ পিস ৪৬০ গ্রাম, চুড়ি ৪ পিস ৮০ গ্রাম, আংটি ২ পিস ২০ গ্রাম, চেইন ১ পিস ৭ গ্রাম জব্দ করা হয়েছে।

মোকসুদ আহমেদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বাজুসের তথ্যানুসারে জব্দ সোনার বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত