মুন্সীগঞ্জের গজারিয়ায় ইমামপুর ইউনিয়নের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতার দোকান থেকে খোলা বাজারে বিক্রয়ের (ওএমএস) ৩৩ বস্তা চাল জব্দ করেছে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। এসব বস্তায় মোট ১৬৫০ কেজি চাল ছিল বলে জানা গেছে। গত রবিবার রাতে উপজেলার রসুলপুর বাজারে এই চাল জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওএমএস ডিলার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেনের দোকানে উপস্থিত হয়ে খাদ্য অধিদপ্তরের লোগো সংবলিত বস্তা পরিবর্তন করে নতুন বস্তায় চাল ভরার সময় হাতে-নাতে ধরে ফেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ১৬৫০ কেজির মোট ৩৩ বস্তা চাল জব্দ করা হয়।
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, খাদ্য অধিদপ্তরের লোগো সংবলিত বস্তা পরিবর্তন করে নিজস্ব মোড়কের বস্তায় ভরার সময় ৩৩ বস্তা চালসহ দুজন কর্মচারীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় ডিলার পালিয়ে যাওয়ায় দোকানটি সিলগালা করা হয়।
