‘দেড় বছর বাইরে ছিলাম, কিন্তু বিন্দাস ছিলাম’

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:১৫ এএম

নিষেধাজ্ঞার দেড় বছরের দীর্ঘ কালো ছায়া কাটিয়ে মিরপুরের সবুজ গালিচায় ফিরলেন নাসির হোসেন। আবারও হাসলেন তিনি, ছুটলেন ড্রেসিংরুম থেকে মাঠে, পুরনো চেনা ছন্দে। নিষেধের ঘর ভেঙে মুক্ত আকাশের নিচে ফিরেই আবার নতুন করে শুরু করলেন নিজের ক্রিকেট জীবন। প্রত্যাবর্তনটাও করলেন স্মরণীয়। মিতব্যয়ী বল করে উইকেট পেয়েছেন, চাপে রাখতে পেরেছেন প্রতিপক্ষকে। আবার ম্যাচ জিতিয়ে মাঠ থেকে ফিরেছেন।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে আড্ডা, হাতভর্তি মোবাইল ক্যামেরার সামনে হাসিমুখ সবই মিলিয়ে এক ঝলমলে ফেরার গল্প। ১০ ওভারে মাত্র ৩১ রান দিয়ে নেন একটি উইকেট। ব্যাটিংয়ে নেমেও সুযোগ ছিল দলকে জিতিয়ে মাঠ ছাড়ার। কিন্তু ১১ বলে ৯ রান করে বিদায় নেন তিনি। পারফরম্যান্সে যেমন ছিলেন আগের নাসির। তেমনি গণমাধ্যমের সামনেও সেই পুরনো রূপ। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে এসে নাসির জানালেন, ক্রিকেট ছাড়া দেড় বছর কাটিয়েছেন পরিবার নিয়ে বেশ আনন্দেই, ‘অবশ্যই ভালো লাগছে (ফিরে)। একটা জিনিস খুব মিস করছিলাম, ক্রিকেট খেলা। দেড় বছর বাইরে ছিলাম, কিন্তু বিন্দাস ছিলাম। আলহামদুলিল্লাহ, পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়েছি।’

সম্ভাবনাময়ী ক্রিকেটার হিসেবে জাতীয় দলে এসেছিলেন। পারফর্ম করে নিজের জায়গাও পোক্ত করেছিলেন। হয়ে উঠেছিলেন টাইগারদের ভরসার ব্যাটসম্যান, মিস্টার ফিনিশার। কিন্তু শৃঙ্খলাহীন জীবনযাপনের কারণে প্রথমে জায়গা হারাতে হয় একাদশ থেকে। পরে পারফরম্যান্সে প্রভাব পড়ায় জাতীয় দল থেকেও বাদ পড়েন। কিন্তু নিজের কোনো দোষ দেখেননি তিনি। দায় চাপালেন সাবেক নির্বাচকদের ঘাড়েই। নাসির এ বিষয়ে বলেন, ‘দুই বছর পরপর নির্বাচক প্যানেল বদলায়। ধরেন আমি নির্বাচক হিসেবে আছি। আমার চোখে কিন্তু সবাইকে সমান ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। আপনি যদি এখন ৯-১০ বছর ধরে একই জায়গায় থাকেন, যাকে ভালো লাগবে না, তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল প্রায়। আমি মনে করি, আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে।’

নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন করে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আবারও সেই মঞ্চে ফেরার স্বপ্ন দেখেন তিনি, ‘যারা ক্রিকেট খেলে, তারা জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। যদি পারফর্ম করতে পারি, অবশ্যই সুযোগ আছে।’ তবে নিজের পুরনো ভুলত্রুটির জন্য অনুশোচনার ছাপ ছিল না। বরং জীবন ও ক্যারিয়ার সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন, ‘কেয়ারফুল...আমি যেমন ছিলাম, ভালোই ছিলাম। খেলাধুলায় কোনো অভিযোগ ছিল না। ইনডিসিপ্লিনড ছিলাম না। আর জীবন কীভাবে চলবে সেটা আমার ব্যাপার। আপনারা শুধু মাঠের পারফরম্যান্স দেখেন।’ তারকাদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে চলার ব্যাপারেও নাসিরের মনোভাব স্পষ্ট, ‘তারকা-মারকা এগুলো ভুয়া কথা। না খেয়ে থাকলে তো কেউ এসে খাবার দেবে না। আমি যেমন আছি, ভালো আছি। আপনাদের মতোই মানুষ, আমারও জীবন আছে, পরিবার আছে।’

২০২৩ সালের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরের বছরের জানুয়ারিতে ঘোষিত হয় দুই বছরের নিষেধাজ্ঞা, যার মধ্যে ছয় মাস স্থগিত। নাসির অবশ্য দ্রুতই শর্ত পূরণ করে মুক্তির পথ প্রশস্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত