রাজধানীর গুলশানে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফারজানা আক্তার মিম (৩০)। গতকাল সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে ওই নারীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফারজানা আক্তারের ছোট বোন ফাহিমা আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামে। বাবার নাম আবদুল বারেক। বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করতেন ফারজানা।
তিনি আরও জানান, কাজ শেষে ভোরে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে নতুনবাজারের বাসায় ফিরছিলেন ফারজানা। গুলশান-২, ৩২ নম্বর রোডে মোটরসাইকেলের চাকায় ফারজানার গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। পথচারীরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
