চট্টগ্রামের ফটিকছড়িতে তিন তলা থেকে নিচে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চননগর ৪ নম্বর ওয়ার্ডের শিল্প পাড়ার আব্দুল শুক্কুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজারের পদে দায়িত্বরত ছিলেন এবং ওই বাড়িতে ভাড়ায় থাকতেন।
জানা যায়, নিহত আবুল হাশেম সকালে তিন তলার বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা দেখতে পেয়ে ফটিকছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গেছেন।
ফটিকছড়ি থানার এসআই রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।’
