আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। মার্চ মাসের সেরার লড়াইয়ে তার সঙ্গে আছে সতীর্থ রাচিন রবীন্দ্র এবং ভারতের শ্রেয়াস আইয়ার। আর নারী ক্রিকেটারদের সেরার লড়াইয়ে আছেন যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদ, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ভল। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন ডাফি। সিরিজে ১৩ উইকেট নেন তিনি। শ্রেয়াস গেল মার্চ মাসে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা (দলের সর্বোচ্চ রান সংগ্রাহক) রাখেন। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল রাচিনের (সেমিতে ১০৮ রানের ইনিংস)।
