নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে তিনবারের এই সংসদ সদস্যকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মোরশেদ আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলশান-২ নম্বর সার্কেল এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে।
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি নির্দিষ্ট করে জানা যায়নি। এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক দেশ রূপান্তরকে বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি পরে জানানো হবে।’
