অন্তর্র্বর্তী সরকার দীর্ঘায়িত হলে বিতর্ক হবে : মান্না

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২১ এএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি একের পর এক ম্যাজিক  দেখাচ্ছেন। তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। বরং দেশের জন্য কাজ করতে চান। তবে তাকে দিয়ে অন্তর্র্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘ড. ইউনূস সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কীভাবে? ঈদযাত্রা এত সুন্দর হয় কী করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কীভাবে? এজন্য বলি, ড. ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার।

তিনি আরও বলেন, ‘মানুষ এরই মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারি ড. ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান। কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে ৫ বছর ক্ষমতায় রাখতে চান, কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন, তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে?’

রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মান্না বলেন, ‘এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক। আমাদের ভিন্নমতকে ধারণ করতে হবে। ভিন্নমতকে কথা বলার সুযোগ দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত