জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম নামে এক কিশোর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয় সিরাজুল।
জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্ত) আব্দুর রউফ জানান, নারী ও শিশু নির্যাতনের একটি মামলার আসামি হয়ে গত ৩ এপ্রিল থেকে সিরাজুল ইসলাম জেলা কারাগারে রয়েছে। আদালতের নির্দেশে কারাগারে তার এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। এজন্য পড়ার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। গতকাল সেখানে নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে।
জয়পুরহাট জেলায় এবার ১২ হাজার ৬০৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।
