১৬ দিনের বিরতি শেষে আজ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে বড় দলগুলোর ম্যাচ আগামীকাল এবং শুরুতেই শীর্ষে থাকা মোহামেডানকে পড়তে হচ্ছে শেষ পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে। এই ম্যাচটা দুদলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার হেরে বসলে শিরোপা ধরে রাখার স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে যাবে স্বাগতিক কিংসের।
প্রথমপর্বে কুমিল্লায় কিংসকে ১-০ গোলে হারিয়েছিল সাদা-কালোরা। সেই টানা ৮ ম্যাচ জিতে আলফাজ আহমেদের শিষ্যরা প্রথমপর্বের শেষ ম্যাচে অঘটনের শিকার হয় ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে হেরে। ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ডে অবশ্য ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা আছে সবার ওপরে। এরপরেই আছে আবাহনী। ২৩ পয়েন্ট পাওয়া আকাশিরা আগামীকাল মোকাবিলা করবে সহজ প্রতিপক্ষ ওয়ান্ডারার্সের। মোহামেডানের থেকে পুরো সাত পয়েন্টে পিছিয়ে থেকে মাঠে নামবে তিনে থাকা কিংস। এই ম্যাচে তারা জিতলে যেমন বেঁচে থাকবে আশা, শিরোপা লড়াইটাও জমে উঠবে। ড্র হলে অবশ্য সুবিধা আবাহনীর। সে ক্ষেত্রে তারা ওয়ান্ডারার্সকে হারালে মোহামেডানের সঙ্গে ব্যবধানটা কমে আসবে দুই পয়েন্টে।
ফেডারেশন কাপে হারের ধাক্কা সামলে আগামীকাল তাদের নামতে হচ্ছে শীর্ষে থাকা মোহামেডানের বিপক্ষে। সাদা-কালোরা তেমন পরিবর্তন অবশ্য করেনি। শুধু একজন ভিনদেশি যোগ করেছে মতিঝিল জায়ান্টরা। পেশাদার যুগে পা রাখার পর এখনো শিরোপা না জেতা মোহামেডানের জন্য এবারই সেরা সুযোগ। সে ক্ষেত্রে আগামীকালের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ তাদের জন্য। তবে বড় একটা সময় খেলার বাইরে থাকা এবং কিংসের মাঠে ম্যাচ হওয়ায় বাড়তি চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে হবে তাদের। অন্যদিকে প্রথমপর্ব বিদেশিহীন খেলেও পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আবাহনী মধ্যবর্তী দলবদলে ফিরিয়েছে দুই পুরনো মুখ। ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো ও নাইজেরিয়ান এমেকা ওগবাহ ফেরায় মারুফুল হকের দলের শক্তি বেড়েছে অনেকটাই, সেটা ফেডারেশন কাপের ৮ এপ্রিলের ম্যাচেই প্রমাণিত।
আজ লিগের দুটি ম্যাচের একটিতে রহমতগঞ্জ খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ১৫ পয়েন্ট নিয়ে চারে থাকা রহমতগঞ্জ তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ম্যাচটা খেলবে নিজেদের মাঠ মুন্সীগঞ্জে। গাজীপুরে অন্য ম্যাচে আটে থাকা ফকিরেরপুলের প্রতিপক্ষ পুলিশ এফসি।
