কক্সবাজারে গভীর সাগরে ঘণ্টাব্যাপী ধাওয়া দিয়ে দুটি মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবাসহ ২১ পাচারকারীকে আটক করেছে র্যাব ও কোস্ট গার্ডের যৌথ দল।
গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটক ২১ পাচারকারীর মধ্যে তিনজন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং বাকিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সাগরপথে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি বড় চালানসহ মাছ ধরা ট্রলার কক্সবাজারের কলাতলী সৈকত সংলগ্ন সাগরে অবস্থানের খবর পায় র্যাব ও কোস্ট গার্ড। পরে একটি যৌথ দল সাগরে অভিযান চালায়। এতে দুটি ট্রলারে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিলে ট্রলার দুটিতে থাকা একজন পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে গভীর সাগরে ঘণ্টাব্যাপী ধাওয়া দিয়ে ট্রলার দুটিকে আটক করা হয়। পরে ট্রলার দুটিতে তল্লাশি চালিয়ে বরফ রাখার ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৫ লাখ ইয়াবা। এ সময় ট্রলার দুটিতে জেলের ছদ্মবেশে থাকা ২১ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
