পানিতে ডুবে দুই ভাইসহ চার শিশুর মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:১৩ এএম

কুমিল্লার মনোহরগঞ্জে খেলার সময় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাওলা ইউপির বরল্লা গ্রামের হাশেম মাস্টারবাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে। মৃতরা হলো একই গ্রামের মাস্টারবাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে দুজন পাশের পুকুরে পড়ে যায়। ঘণ্টাখানেক পর দুজনের দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নাথের পেটুয়া স্টেশন বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে নিহত দুই শিশুর পরিবারের কেউ বিষয়টি পুলিশকে জানায়নি।’

এদিকে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ-শামুক সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নদী থেকে স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ উদ্ধার করেন। মৃতরা হলো বিদেশ চাকমার মেয়ে পিয়াসী চাকমা (১৪) ও রূপায়ণ চাকমার মেয়ে রিয়া চাকমা (১২)। উভয়ের বাড়ি ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামে। ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা জানান, খুবই দুঃখজনক একটি ঘটনা। বৈসাবি উৎসবের দিনে এই ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত