নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণির ২ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কাজী বাড়ির মোড়ে ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন হয়। তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে ডিসি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে ভুক্তভোগী একজনের বাবা বলেন, ‘আমি মৃত্যুর আগে শিশু মেয়ের এই নির্যাতনের সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চাই।’
মানববন্ধনে চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জাজু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূর আলম কাজী, শিক্ষক আবু মুসাসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
গত সোমবার বিকেলে বাঘাইকান্দী এলাকার কাইয়ুম ও মুন্নার সঙ্গে নৌকাযোগে বেড়াতে যায় দুই ছাত্রী। সন্ধ্যায় কৌশলে কাইয়ুম ও মুন্না নৌকা তীরে ভিড়ায় এবং তাদের পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরও ছয় বন্ধুকে ডেকে এনে দুই ছাত্রীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার রায়পুরা থানায় আটজনের নামে মামলা দায়ের করে।
