লক্ষ্মীপুরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেল হোসেন (৩০) নামের এক যুবক প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের কালা চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলু (৩৪) ও আলমগীর হোসেন রাব্বিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেলের সঙ্গে তার সহযোগীদের বিরোধ চলে আসছিল। রুবেল ওই এলাকার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম নোমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটকদের রিমান্ডে এনে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।
