অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে নারীসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটক ১০ জনের মধ্যে আটজন নারী রয়েছে। এ সময় বেশ কিছু ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা।
গতকাল শনিবার সকালে খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটকরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপাইদ গ্রামের আনোয়ার হোসেন (৩৩) ও মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের অনেক সরকার (১৯)। আটক ৮ নারীর পরিচয় আইনগত কারণে প্রকাশ করেনি বিজিবি।
বিজিবি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার ফেরদৌস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনসহ পাঁচ নারীকে আটক করে বিজিবি। বিকেলে উপজেলার কুসুমপুর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে অনেক সরকারকে আটক করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে অন্য এক অভিযানে খোসালপুর বিওপির হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়।
