রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৩২ এএম

রাশিয়া ও ক্রোয়েশিয়ায় ছয় দিনের সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান গত ৬ এপ্রিল রাশিয়া যান। পরদিন দেশটির ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক আস্থা তৈরি, দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

আইএসপিআর জানিয়েছে, গত ৮ এপ্রিল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল আলিগ সালুকভের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ সহায়তা বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণসংক্রান্ত বিষয়সহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সেনাবাহিনী প্রধান রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভৌত সুরক্ষা ব্যবস্থার কাজ যথাসময়ে শেষ এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থাকরণের বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া জেনারেল ওয়াকার-উজ-জামান রুশ কোম্পানি রসটেক ও রোসোবোরন এক্সপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফরকালে সেনাবাহিনী প্রধান ক্রোয়েশিয়ান সশস্ত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত