নেতানিয়াহু ইসরাইলের ‘শত্রু’: সাবেক সেনাপ্রধান

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১০:১০ এএম

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে শুধু বিশ্বজুড়েই নয়, ইসরাইলের ভেতরেও ক্ষোভ বাড়ছে। ইসরাইল সরকারের বিরুদ্ধে এবার প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী ড্যান হালুৎজ। 

গতকাল সোমবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যান হালুৎজ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের জন্য ‘একটি সরাসরি হুমকি’। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘নেতানিয়াহু ইসরাইলের শত্রু।’

এই মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি হালুৎজের বক্তব্যকে ‘গুরুতর উসকানি’ বলে অভিহিত করে কড়া সমালোচনা করেছে। দলটির ভাষ্য, এই ধরনের কথা প্রধানমন্ত্রীকে হত্যার জন্য চরম বামপন্থিদের উৎসাহিত করতে পারে।

লিকুদ পার্টি আরও দাবি করে, ‘আইডিএফের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রধান হালুৎজ প্রধানমন্ত্রীকে শত্রু বলে অভিহিত করেছেন, যাকে বন্দি করা উচিত—এটি মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং বিপজ্জনক উসকানি।’

এর আগে, গাজা থেকে ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং যুদ্ধ থামানোর দাবিতে কয়েক হাজার সাবেক ও বর্তমান সেনা সরকারকে চিঠি দিয়েছিল। সেই প্রেক্ষাপটেই হালুৎজের এই বক্তব্য এসেছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও ভয়াবহ হামলা চালায় ইসরাইলি বাহিনী। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত