দিনাজপুরের বিরামপুরে বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গত সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মুক্তমঞ্চ এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা পরিষদের অফিস সহায়ক এমদাদুল হক, আবু হোসেন, ইউএনও কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলাম ওরফে রনি। হামলার নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার সদস্য সচিব আরিফুর রহমান রাসেল।
জানা গেছে, অনুষ্ঠানের ফাঁকে উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ের কর্মচারীরা অতিথিদের জন্য পান্তা, মাছ, ভর্তা ও পানি বিতরণ করছিলেন। এ সময় বিএনপির পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল খাবার নিতে আসেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কর্মচারীদের ওপর হামলা চালানো হয়।
