স্বাস্থ্যের সেই গাড়ি চালক মালেকের সস্ত্রীক কারাদন্ড

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৮ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পাঁচ বছর এবং স্ত্রী নার্গিস বেগমকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক জাকারিয়া হোসেন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হওয়া মামলায় এ রায় দেন। দন্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে। আসামিদের জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৫০ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর জামিনে থাকা তার স্ত্রী নার্গিস বেগম আদালতে হাজির হন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত