ঢাবিতে হামলায় জড়িতদের শনাক্তে তদন্ত কমিটি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ এএম

১৫ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের শনাক্তে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ জানিয়ে পাল্টা তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ঘোষণা অনুযায়ী, ৩৪ সদস্যের একটি ছায়া তদন্ত কমিটি আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তৈরি করবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

শিক্ষার্থীরা বলেন, জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে অন্তত কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের ওপর হামলা করে। কিন্তু তদন্ত কমিটি মাত্র ১২৮ জনের তালিকা প্রকাশ করেছে, যেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মতো রাঘববোয়ালরা বাদ পড়েছে। এর মধ্যে আবার ছয়জন রয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের বাইরের। এমন রিপোর্ট শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনের নামান্তর। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহম্মেদ রিফাত বলেন, ‘আমরা ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় হামলার শিকার ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি ছায়া তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটির প্রধান কাজ হবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের তথ্য-প্রমাণ সংগ্রহ করে একটি শ্বেতপত্র প্রকাশ করা। আমরা আগামী এক মাসের মধ্যে এই শ্বেতপত্রটি প্রকাশ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত