শাহজাদপুরে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ায় তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যাচেষ্টা ও জায়গা দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পৌরসদরের মনিরামপুর মহল্লার নিজস্ব অফিসে এ সংবাদ সম্মেলন করেন ঘটনায় আহত ব্যবসায়ী এনামুল হক, নাজমুল হক ও বাদশা মিয়া।

সংবাদ সম্মেলনে তারা জানান, গত ৫ এপ্রিল সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকার কবরস্থান সংলগ্ন খঞ্জনদিয়া এলাকায় মার্কেট নির্মাণেরকাজ তদারকির সময় প্রতিপক্ষ শহীদুল ইসলাম জুলফি, শাহ আলম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, রুবেল হোসেন, কাওছারসহ ১৬-১৭ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও মারধর করে তাদের হত্যার চেষ্টা ও জমি দখলের চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ৮ এপ্রিল শাহজাদপুর থানায় একটি হত্যাচেষ্টা ও মারধরের মামলা করা হয়।

এ বিষয়ে প্রতিপক্ষের শহীদুল ইসলাম জুলফি জানান, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে তাদের পক্ষ থেকে গত ১৩ এপ্রিল শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, উভয়পক্ষের মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আদালতে চার্জ গঠন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত