ডা. কাইয়ুম বহিষ্কার নতুন মহাপরিচালক ডা. হাসান ফায়সাল

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪১ এএম

চিকিৎসকদের তোপের মুখে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মুর্তাজা কবীর ইজহারুল কাইয়ুম চৌধুরীকে বহিষ্কার করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। তার পরিবর্তে মহাপরিচালক পদে অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান ফায়সালকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট।

গতকাল রবিবার সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুই চিঠিতে এই বহিষ্কার ও নিয়োগ দেওয়া হয়। বহিষ্কারের চিঠিতে ডা. কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে গতকাল বহিরাগত লোকজনসহ বারডেম হাসপাতালে এসে বারডেমের পরিবেশ নষ্ট করার অভিযোগ আনা হয়। নিয়োগের চিঠিতে ডা. ফায়সালকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নতুন মহাপরিচালক মাসিক সর্বসাকল্যে ৩ লাখ টাকা বেতন পাবেন ও বারডেমের বিশেষজ্ঞ চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন বলেও জানানো হয়।

বারডেমের চিকিৎসকরা জানান, দুর্নীতিসহ নানা অভিযোগে মহাপরিচালক ডা. কাইয়ুম চৌধুরীর পদত্যাগ চাইছিলেন চিকিৎসকরা। তিনি ৩২ দিন ধরে ছুটিতে ছিলেন। গতকাল বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং নিজের রুমে বসেন। তখন চিকিৎসকরা এর বিরোধিতা করেন এবং তাকে বহিষ্কার দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক বৈঠকে বসে এবং ডা. কাইয়ুম চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নতুন মহাপরিচালক হিসেবে ডা. মির্জা ফয়সালকে নিয়োগ দেওয়া হয়।

ডা. কাইয়ুম চৌধুরীকে বহিষ্কারের চিঠিতে বলা হয়, গত ২০২০ সালের ২০ জুন তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগে দেওয়া হয়। ২০২৩ সালের ১৩ মে তার চাকরির মেয়াদ শেষ হলে তাকে এ বছরের ২০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত