পাঁচ দিন পরও উদ্ধার হয়নি চবির ৫ শিক্ষার্থী

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম

খাগড়াছড়ি জেলা শহরের গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পড়–য়া অপহৃত পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালককে অপহরণের পাঁচ দিন পরও কোনো হদিস মেলেনি। তবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা।

ওসি আরও জানান, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটমচালক অপহরণের খবর পাওয়ার পর থেকে তাদের উদ্ধারের জন্য পুলিশ ও সেনাবাহিনী মিলে অভিযানে নামেন। গত শুক্রবার খাগড়াছড়ির সদরের পানখাইয়া পাড়া, মধুপুর, নোয়াপাড়া, তেঁতুলতলা, খবং পড়িয়াসহ বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালানো হয়। এর পরের দিন খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ভাইবোন ছড়া এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। আর রবিবারও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের উদ্ধার করতে না পারা পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি। তবে তাদের অপহরণের বিষয় নিয়ে অপহৃতদের কোনো অভিভাবক এ পর্যন্ত থানায় অভিযোগ করেননি। তিনি আরও জানান অপহৃতরা কেউ খাগড়াছড়ির বাসিন্দা নয়।

এদিকে পাঁচ শিক্ষাথীর নিঃশর্ত মুক্তি এবং রাঙ্গামাটির কাউখালীতে পাহাড়ি ছাত্রী ধর্ষকের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র-ছাত্রীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত