ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত। আহত হয়েছে আরও ৩০ জন। হুতিবিদ্রোহীদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। হুতিনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানায়, রাজধানী সানার ফারওয়া জেলায় একটি বাজার ও আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। এর পাশাপাশি রবিবার রাতে মধ্যপ্রদেশ মারিব, পশ্চিমাঞ্চলীয় হোদেইদা এবং হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদা প্রদেশেও হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সাবা। এক মাস ধরেই ইয়েমেনে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাদের দাবি, ইরান-সমর্থিত হুতিদের হামলা থেকে উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষায় তারা এই পদক্ষেপ নিচ্ছে।
এদিকে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার ইয়েমেনে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুতিবিদ্রোহীদের ইসরায়েল ও উপসাগরীয় জাহাজ চলাচলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানান।
