কাজ হওয়ার ৪ দিনের মাথায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০১:৪০ এএম

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের আমতলা ব্রিজ থেকে পারভবানীপুর আল হেরা মসজিদ পর্যন্ত এক কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শেষ হওয়ার ৩/৪ দিনের মাথায় উঠে যাচ্ছে কার্পেটিং। নির্মাণকাজ শেষ হতে না হতেই কার্পেটিং উঠে যেতে থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আল আমিন অভিযোগ করেন, ‘রাস্তাটি নির্মাণের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমরা উপজেলা প্রকৌশলীর অধিদপ্তরকে জানালেও কোনো কাজ হয়নি। এমনকি কার্পেটিং খুবই পাতলা করা হয়েছে। রাস্তাটিতে বালুর পরিবর্তে মাটিমিশ্রিত বালু, নিম্নমানের খোয়া, বিটুমিন, পাথর ব্যবহার হয়েছে। মেহেদী, রাশেদ, ইয়াসিনসহ কয়েকজন অভিযোগ করেন, উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নির্মাণের তিন/চার দিনের মধ্যেই বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে গেছে।’ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘নির্মাণের পরেই কার্পেটিং উঠে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজের মান খারাপ হওয়ার কারণে কার্পেটিং উঠে যাচ্ছে।’ এ ব্যাপারে খামারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন বলেন, ‘আমি শুনেছি রাস্তার কার্পেটিং উঠে গেছে। যেহেতু কাজটি তদারকি করছেন উপজেলা প্রকৌশলী, তিনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। রাস্তা নির্মাণ ও কাজের বিষয়ে আমাদের কোনো কিছুই জানানো হয়নি।’

এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, ‘আমি বাইরে আছি তাই কোনো তথ্য দিতে পারছি না। তবে কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে শুনেছি।’ নির্মাণকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, খতিয়ে দেখা হচ্ছে কেন কার্পেটিং উঠে গেছে। অফিসে গিয়ে তথ্য দেবেন বললেও পরে আর কল রিসিভ করেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত