মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে তিব্বতের প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়ক যানচলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। পরে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর তারা সড়ক ছেড়ে দেন। আন্দোলনকারীদের অভিযোগ, কোহিনূর কেমিক্যাল কোম্পানির কেমিক্যাল বিভাগের বিধান বাবু নামে ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাসুলুল্লাহ (সা.)-কে নিয়ে আজেবাজে ও কটূক্তিকর মন্তব্য করেছেন। তার ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ করছেন। পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত কোহিনূর কেমিক্যালের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী মো. শামীমুর রহমান জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলার কথা জানালে রাত ৮টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।’
