রাজশাহী নগরীর ব্যস্ততম রাস্তার পাশে চলাচলকারী নারীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপরই বখাটেদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। চার যুবককে চিহ্নিত করে তাদের ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করা হয় মহানগর পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে জুবায়ের হোসেন রাকিব (১৯) ও সবুজ (২০) নামে দুই বখাটেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। রাকিবের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। আর সবুজের বাড়ি নগরীর মহিষবাথান এলাকায়।
গত বুধবার বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উত্ত্যক্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে রাজশাহী নগরীর সিঅ্যান্ডডি মোড় এলাকার রাস্তার ধারে কয়েকজন যুবককে অশালীন আচরণ করতে দেখা যায়। তাদের এই আচরণে বিব্রত হন পথচারী নারীরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এরপর বুধবার রাতেই বখাটেদের ধরতে রাজশাহী মহানগর পুলিশের একাধিক দল মাঠে নামে। তাদের পরিচয় নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে চার বখাটের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে অনুরোধ জানানো হয় পুলিশের পক্ষ থেকে। গতকাল দুপুরে জুবায়ের হোসেন রাকিব ও সবুজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ভিডিও ক্লিপটি দেখার পরই পুলিশ এ নিয়ে কাজ শুরু করেছে। বখাটেদের গ্রেপ্তারের পাশাপাশি সামজিকভাবেও প্রতিহত করার উদ্দেশ্যেই পুলিশ তাদের ছবি প্রকাশ করেছে। এরই মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে। দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে।
