আজ পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশে বিক্ষোভ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২১ এএম

ছয় দফা দাবিতে আজ রবিবার সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। গতকাল শনিবার ফেসবুকে কারিগরি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আজ রবিবার সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের নিজ নিজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল পালিত হবে এবং আগে প্রদানকৃত সব নির্দেশনা অব্যাহত থাকবে।

ছয় দফা দাবি আদায়ে কয়েক মাস ধরে আন্দোলন করছেন সারা দেশের চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথমদিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি করেছেন। পরে ক্লাস-পরীক্ষা বর্জন করেও দাবি আদায় না হওয়ায় গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে রাজধানীতে ব্যাপক যানজট শুরু হয়। একই দিনে সারা দেশে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা করেন। এতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন আলোচনায় আসে।

গত ১৭ এপ্রিল তারা সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাদের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি শিথিল করে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ধারাবাহিক কর্মসূচি করে আসছেন তারা। পরদিন শুক্রবারও কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত