গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

ক্ষুব্ধ বিদ্যুৎ উপদেষ্টা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪১ এএম

বাহ্যিক কারণে জাতীয় গ্রিডের গোপালগঞ্জ-আমিন বাজার সঞ্চালন লাইনের কোনো স্থানে দুটি তার মিলে গিয়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১৫ জেলায় বিদ্যুৎ বিপর্যয় হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

গত শনিবারের ওই ঘটনায় স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় বন্ধ হয় ৭টি বিদ্যুৎকেন্দ্র। এতে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১৫ জেলার মানুষ।

প্রকৃত কারণ খুঁজে বের করতে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে গতকাল গঠন করা হয়েছে আট সদস্যের তদন্ত কমিটি। তদন্ত শেষে সুপারিশসহ সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

গ্রিড বিপর্ষয় নিয়ে গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘বরিশাল বিভাগ পুরোটাতেই বিদ্যুৎ ছিল না, খুলনা বিভাগের অধিকাংশই বিদ্যুৎ ছিল না। কুষ্টিয়া, ঝিনাইদহ, ভেড়ামারা এলাকায় বিদ্যুৎ ছিল। প্রাথমিকভাবে পিজিসিবি দেখেছে আমিনবাজার-গোপালগঞ্জ ডাবল সার্কিট লাইনে একটা ফল্ট হয়ে দুটো তার একত্র হয়েছে বা কাছাকাছি হয়েছে। লাইন ট্রিপ করার কারণে জেনারেশন ইউনিটও (বিদ্যুৎকেন্দ্র) আলাদা হয়ে বন্ধ হয়ে গেছে।’

এ বিপর্যয়ের কারণে দুই হাজার ২৭৭ মেগাওয়াটের সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায় উল্লেখ করে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, এরই মধ্যে সবগুলো বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। বিদ্যুৎ সরবরাহে এখন আর কোনো সমস্যা নেই।

তিনি বলেন, এর আগে বিপর্যয়ের সময় গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নে অগ্রগতির বিষয়ে আমরা জানতে চাইব। সেগুলো বাস্তবায়ন হয়েছে কি না বা না হলে কেন হয়নি এ বিষয়গুলোও কমিটি দেখবে।

ব্ল্যাক আউটের ঘটনা কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারেননি উপদেষ্টা। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা বলে দিয়েছি। ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটলে দ্রুত মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতে হবে।

ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় গ্রিডলাইনের স্থিতিশীলতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। গ্রিডের সুরক্ষায় সঞ্চালন লাইনে বিশেষ ব্যবস্থা এফজিএমও’র আওতায় বিদ্যুৎকেন্দ্র আনা হবে বলেও জানান ফাওজুল কবির।

বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে স্থিতিশীলতার জন্য সরকার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, যার জন্য ফিজিবিলিটি স্টাডি হয়েছে। এখন আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সহায়তায় দুটি স্থানে এটা করছি। একটি ঈশ্বরদীতে ৩০ মেগাওয়াট আরেকটি ভুলতায় ৯০ মেগাওয়াট। বিদ্যুতের স্ট্যাবিলিটি নিয়ে আমরা উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, অল ওভার বাংলাদেশে ব্ল্যাকআউট হয়নি। রিলে কোঅর্ডিনেশনের ফল্টের কারণে শুধু ওই অঞ্চলেই হয়েছে।’

তিনি বলেন, যখন একটি লাইন শর্টসার্কিট হয়ে যায় তখন ওই লাইনটা ট্রিপ করে আইসোলেট হয়ে যায় এবং ওই লাইনের সঙ্গে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো ওভারলোডেড হয়ে ট্রিপ করে। আধাঘণ্টার মধ্যে লাইন ঠিক করা গেছে। কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করতে বেশ খানিকটা সময় লেগেছে।

বিদ্যুতের লোডশেডিং নিয়ে অনেকে বুল তথ্য দেয় জানিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমি অস্বীকার করছি না লোডশেডিং করা হচ্ছে। লোডশেডিং হচ্ছে এবং হবে। এনএলডিসি (ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার) ও ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো থেকে লোডশেডিংয়ের প্রকৃত তথ্য পাওয়া যেতে পারে। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি যে লোডশেডিং নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, বিভিন্ন কারণে আপনার বাড়িতে বিদ্যুৎ না-ও থাকতে পারে। ট্রান্সমিটার নষ্ট থাকতে পারে। গত সরকারের আমলে নিম্নমানের পণ্য কিনেছে, এজন্য এগুলো বেশি হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কমিটিকে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়; গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি/প্রতিষ্ঠানের দায় নির্ধারণ; ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে। কমিটি চাইলে এক বা একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবে।

কমিটির বাকি সদস্যরা হলেন বুয়েটের অধ্যাপক মো. এহসান, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য মো. শহীদুল ইসলাম, ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. আবদুল মজিদ, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান ও পিজিসিবির প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফয়জুল কবির।

এদিকে বিস্তারিত অনুসন্ধানে মন্ত্রণালয়ের ওই কমিটির পাশাপাশি পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি কাজ করছে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত