সাতক্ষীরায় হাসপাতালে চিকিৎসক-নার্সদের ওপর হামলা

আপডেট : ০৪ মে ২০২৫, ১২:২৯ এএম

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবক দলনেতা সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি মানিককে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মী মাসুদ বলেন, ‘শাহিনুর রহমান নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে হাসপাতালে আসেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি স্টাফদের ওপর হামলা চালায়। এ সময় হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলায় ঢাকা থেকে আসা চিকিৎসক তানভীরকে বেধড়ক মারধর করে হামলাকারীরা।’

তবে অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল আহমেদ মানিক বলেন, ‘যথাযথ চিকিৎসা না পেয়ে একজন মুমূর্ষু রোগীর স্বজনদের দ্বারা এ হামলার ঘটনা ঘটে।’ সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, ‘আমরা জানতে পেরে ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত