পাঁচ দাবিতে ববি প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:২৫ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্রী জেবুন্নেছা হক জিমি মৃত্যুকে কেন্দ্র করে অসন্তোষ আরও ঘনীভূত হয়েছে। জিমি চিকিৎসা সহায়তা চেয়ে তিনবার আবেদন করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাননি বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় প্রেস ব্রিফিংয়ে উপাচার্যকে ক্ষমা চাওয়াসহ পাঁচ দফা দাবি উত্থাপন করে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো  ১. জিমির আবেদনের বিষয়ে প্রশাসনের অবহেলার দায় স্বীকার ও সব শিক্ষার্থীর সামনে উপাচার্যের ক্ষমা প্রার্থনা। ২. উপাচার্যের অনুপস্থিতিতে একজন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ। ৩. আর্থিক সহায়তা-সংক্রান্ত আবেদন তিন কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি ও পরিষ্কারভাবে জানানো। ৪. আর্থিক সহায়তা তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে তা ওয়েবসাইটে প্রকাশ। ৫. শিক্ষার্থীরা যেন সহজে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও জরুরি সহায়তা পাওয়ার ক্ষেত্রে বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কোনো আশ্বাস বা কার্যকর পদক্ষেপ মেলেনি। শুক্রবার ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও জিমির সহপাঠী রবিউল ইসলাম বলেন, আমরা আজকে (শনিবার) প্রশাসনকে পাঁচ দফা দাবি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উল্লিখিত পাঁচটি দাবি উপেক্ষিত হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চলমান সব যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত