চট্টগ্রাম আদালত ভবনে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল। গ্রেপ্তার আনোয়ার হোসেন সীতাকুণ্ড থানার মাদক আইনের একটি মামলার আসামি।
গত ৩০ এপ্রিল আনোয়ারের সঙ্গে পুলিশ হেফাজত থেকে ইকবাল হোসেন ইমন নামে আরও এক আসামি পালিয়ে গিয়েছিলেন। তবে ওই রাতেই নগরের খুলশি থানার তুলাতলী রেল লাইন কলোনি থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল সকালে তাদের নির্ধারিত হাজিরার জন্য চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নেয়া হয়েছিল। হাজিরা শেষে দুপুরে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে দুই আসামি পালিয়ে যান।
