রাজধানীর মতিঝিল পার্ক ঢাকাবাসীর জন্য স্বস্তির জায়গা হবে বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, মতিঝিল এলাকায় এত বড় জায়গা নিয়ে প্রস্তাবিত পার্কটি গড়ে তুলতে পারলে তা ঢাকাবাসীর জন্য একটি স্বস্তির জায়গা হয়ে উঠবে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি তা পরিবেশ দূষণ কমাতে এবং দর্শনার্থীসহ নিয়মিত ভ্রমণকারীদের জন্যও একটি প্রিয় গন্তব্য হয়ে উঠবে।
গতকাল বুধবার রাজধানীর মতিঝিল এলাকায় ‘জলাধার, পার্ক ও শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য রাজউকের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিগ্রহণকৃত জায়গা দখল করে নির্মিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা অপসারণের নির্দেশ দেন। তাছাড়া একটি পুলিশ ব্যারাক ঘুরে দেখেন এবং তা অন্যত্র স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
রাজউক সূত্রে জানা গেছে, প্রায় ১১ একর জায়গা নিয়ে রাজউক এবং গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন মতিঝিল এলাকায় জলাধার, পার্ক ও শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণ করে রাজউক। কিন্তু বর্তমানে প্রকল্প এলাকার অধিকাংশ জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা যার মধ্যে রয়েছে সরকারি কিছু ভবন। এ ছাড়াও অধিগ্রহণকৃত জায়গার বড় অংশ দখল করে গড়ে উঠেছে বেশ কিছু গাড়ির গ্যারেজ যা একইসঙ্গে পরিবেশ দূষণেরও কারণ হিসেবে প্রকট হয়ে উঠেছে। এসব গ্যারেজ পরিদর্শন করে রাজউক চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে তা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
