বিএসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে ‘কাফন মিছিল’

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৫৭ এএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ‘কাফন মিছিল’ করেছেন বিনিয়োগকারীদের একটি অংশ। এ সময় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদেরও অপসারণের দাবি করেন বিক্ষোভকারীরা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে মতিঝিল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার বোঝেন না। একথা শুধু বিনিয়োগকারীদের নয়, বাজারসংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের কথা। সেজন্য বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ করা জরুরি।

তাদের দাবি, মাশরুর রিয়াজকে নিয়ে সামান্য বিতর্ক উঠতেই তিনি বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেননি। অথচ বর্তমান চেয়ারম্যানের বিষয়ে সবাই একমত। তিনি পুঁজিবাজার বিষয়ে অযোগ্য। সেজন্য তার পদত্যাগ চাই। তারপরেও মাকসুদ পদত্যাগ করছেন না। এ থেকেই তার অযোগ্যতার পাশাপাশি ব্যক্তিত্ব না থাকার বিষয়টিও ফুটে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত