স্বীকৃত স্বদেশ, স্যার জন উইলসন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। দেখতেও ছোটখাটো। তবে মাঠে তার খেলা আলাদা করে চোখে পড়বে। ঢাকার রাইজিং স্টারস ২০২৫- স্কুল ফুটবলের ফাইনালে (অনূর্ধ্ব-১২) স্কলাসটিকাকে ২-১ গোলে হারাতে বড় ভূমিকা ছিল তার। গোল করা ছাড়াও বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ অবাক করেছে সবাইকে। সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জেতা ছোট্ট স্বদেশের বড় স্বপ্নগুলো তুলে ধরেছেন দেশ রূপান্তরের সুদীপ্ত আনন্দ
এত বড় আসরে খেললে। তোমার স্কুল চ্যাম্পিয়ন হলো। তুমি সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতলে। সেরা লেফট উইঙ্গারও হয়েছ। কেমন লাগছে তোমার?
স্বীকৃত স্বদেশ : আমার অনেক ভালো লেগেছে আমরা এই টুর্নামেন্ট জিতেছি। আমাদের অনেক কষ্ট করে এই শিরোপা জিততে হয়েছে। অনেক কম্পিটিশন ছিল।
এর আগে কি এ রকম কোনো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা হয়েছিল?
স্বদেশ : এর আগে আমি আমাদের স্কুলের একটা টুর্নামেন্টে খেলেছি। তবে এত বড় টুর্নামেন্ট এই প্রথম খেলছি। ওই টুর্নামেন্টে আমার বয়স আরও কম ছিল, ১০ বা ১১ হবে। সেই টুর্নামেন্টে আমি ততটা ভূমিকা রাখতে পারিনি। তবে এবার দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে পেরেছি।
নিজেকে অনেক বড় ফুটবলার হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখো?
স্বদেশ : অবশ্যই আমি বড় ফুটবলার হতে চাই। চাই অনেক বড় ক্লাবের হয়ে খেলতে এবং দেশের জন্য খেলতে চাই। তাছাড়া আমার একটা স্বপ্ন আছে। পেশাদার ফুটবলার হয়ে আমি চাই দেশের বাইরে কোনো বড় ক্লাবে খেলতে।
বাবা-মা তোমাকে বাইরে গিয়ে খেলতে দেবে? পেশাদার ফুটবলার হতে হলে তো বাবা-মাকে ছেড়ে থাকতে হবে। তুমি পারবে?
স্বদেশ : বাবা-মা তো অবশ্যই খেলতে দেবে। তারা অনেক সাপোর্ট দেয়। আর বাইরে খেলতে গেলে বাবা-মাকেও সঙ্গে করে নিয়ে যাব। তারাই থাকবে আমার সঙ্গে।
তুমি কবে থেকে ফুটবল খেলা শুরু করলে?
স্বদেশ : আমি যখন কেজি ওয়ানে পড়তাম, তখন থেকেই ফুটবল খেলা শুরু করি। কারও কাছে ফুটবল এখনো শেখা শুরু করিনি। শুধু স্কুলে বুধবার গেম ক্লাস হয়, তখন খেলি অথবা টিচারের কাছে প্র্যাকটিস করি।
শুধু ফুটবলটাই খেলো নাকি অন্য খেলাও তোমার পছন্দ?
স্বদেশ : আমি অন্য খেলাও খেলি যেমন ব্যাডমিন্টন, ক্রিকেট। তবে ফুটবলটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। এই খেলাটা খেলতে অনেক ভালো লাগে। আমার ফ্যামিলিও আমাকে অনেক সাপোর্ট দেয়। এই খেলার আবহটা আমি খুব উপভোগ করি।
ফুটবল যেহেতু খেলো, তার মানে নিয়মিত নিশ্চয় খেলা দেখো। দেশের ফুটবল দেখা হয়?
স্বদেশ : দেশের ফুটবল নিয়মিত ফলো করা হয় না। তবে জানি অনেক বড় বড় ক্লাব আছে। আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস লিগে খেলে। তাদের কিছু ম্যাচ টিভির মাধ্যমে দেখা হয়েছে। তবে বাংলাদেশ জাতীয় দলের খেলা আমি উপভোগ করি।
বাংলাদেশের বাইরে তুমি কোন দেশের খেলা দেখো?
স্বদেশ : আমি স্পেনের সমর্থক। এছাড়া ক্লাব ফুটবলে আমার প্রিয় দল বার্সেলোনা।
রাত জেগে বার্সার খেলা দেখা হয়?
স্বদেশ : মাঝেমাঝে দেখি। তবে এখন তো পরীক্ষা চলছে, তাই দেখা হয় না।
বাইরের দেশের সঙ্গে আমাদের দেশের ফুটবলের কোনো পার্থক্য চোখে পড়েছে?
স্বদেশ : জি বোঝা যায়। বার্সা টিকিটাকা ধাঁচের ফুটবল খেলে। আর আমরা খেলি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল।
দেশে তোমার প্রিয় তারকা আছে কেউ?
স্বদেশ : হ্যাঁ অবশ্যই। আমি হামজা চৌধুরীর ফ্যান।
আর বিদেশে?
স্বদেশ : বাইরে তো অনেক তারকাই পছন্দ। তবে সবচেয়ে বেশি পছন্দ লামিন ইয়ামালের খেলা। আর মেসি, রোনালদো, নেইমারের খেলা চোখে পড়লে মিস করতে চাই না।
