দেশের বিভিন্ন জেলায় ক্রিকেট লিগ হলেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ঢাকার লিগগুলো। প্রিমিয়ার লিগ ছাড়াও হয় আরও চারটি প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। এ বছর থেকে আবার চালু হয়েছে তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার। এসব প্রতিযোগিতায় যারা অংশ নেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন। তবে অসংখ্য ক্রিকেটার একটির বেশি টুর্নামেন্টে খেলতে পারেন না। ফলে নিজেদের সেরাটাও অনেক সময় মেলে ধরতে পারেন না। তাদের বিকাশের সুযোগ করে দিয়ে প্রতিভার খোঁজে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা ক্রিকেটারদের নিয়ে আগামী বছর থেকে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে সিসিডিএম। নাম প্রকাশে অনিচ্ছুক সিসিডিএমের এক কর্মকর্তা বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিভাগ থেকে মোট ২০ জন করে তিন বিভাগের ৬০ জন শীর্ষ ক্রিকেটারকে ৩ বা ৪টি দলে ভাগ করে একক লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। তবে প্রয়োজনে দল সংখ্যা বাড়তেও পারে।
সিসিডিএম-এর চেষ্টা ছিল এ বছরই টুর্নামেন্টটা আয়োজন করার। এ বিষয়ে ঐ কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম টুর্নামেন্টটা এ বছরই শুরু করতে। কিন্তু সব লিগ সময়মতো শেষ করতেই আমাদের প্রচুর সময় ও পরিশ্রম গেছে। এছাড়া এ বছর তৃতীয় বিভাগ বাছাই ছিল। যেখানে আমাদের অনেক সময় দিতে হয়েছে। তাই এবার আর সময় পাওয়া যায়নি। তবে আগামী বছর থেকে এটা আমাদের নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি আমরা।’
সারা দেশ থেকে ঢাকায় খেলতে আসা ক্রিকেটাররা বাড়ি ফেরেন কেবল ৫০ ওভারের একটি টুর্নামেন্ট খেলেই। যা প্রতিভা বিকাশের জন্য যথেষ্ট বলে মনে করছে না সিসিডিএম। তাই নতুন একটি ফরম্যাটে আরও বেশি প্রতিযোগিতামূলক ও কার্যকর প্ল্যাটফর্ম তৈরির করা। এ বিষয়ে ঐ কর্মকর্তা বলেন, ‘এখন অনেক খেলোয়াড় ঢাকায় এসে লিগ খেলে ফেরত যায়, কিন্তু এরপর তাদের আর কোনো খেলার সুযোগ থাকে না। আমরা চাই, তারা যেন আরও একটা মঞ্চ পায় নিজেদের মেলে ধরার।’ ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি সংস্করণে এই উদ্যোগ ঢাকার ক্রিকেটের জন্য নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। এটি শুধু প্রতিভা অন্বেষণই নয়, বরং তরুণ ক্রিকেটারদের উন্নয়নেও রাখতে পারে বড় ভূমিকা।
