আঞ্চলিক অখণ্ডতায় মিয়ানমারের জান্তাপ্রধানকে চীনের ‘পূর্ণ সমর্থন’ 

আপডেট : ১০ মে ২০২৫, ০৬:১৪ পিএম

ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। শুক্রবার (৯ মে) মস্কোয় রাশিয়ার বিজয় দিবস উদযাপনের ফাঁকে দুই নেতা এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতে মার্চে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর মানবিক সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানান মিন অং হ্লাইং।

আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রেও মিয়ানমারের প্রতি সমর্থন করায় চীনকে ধন্যবাদ জানিয়ে মিন অং হ্লাইং বলেন, মিয়ানমার চীনের প্রস্তাবিত তিনটি বৈশ্বিক উদ্যোগ এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়েছে, আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিতে মিয়ানমারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন শি।

এসময় জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথে চলতে মিয়ানমার জান্তাপ্রধানকে পরামর্শ দেন চীনা প্রেসিডেন্ট।

শি বলেন, তিনি আশা করেন মিয়ানমার চীনা কর্মী, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। এছাড়া আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় প্রচেষ্টা জোরদার করবে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স অনুসারে, অভ্যুত্থানের পর থেকে ৬,৬০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ট্রিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো উদ্যোগের আওতায় অবকাঠামো বিনিয়োগের জন্য মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের দিকে দীর্ঘদিন ধরে নজর রয়েছে বেইজিংয়ের।

জান্তা প্রধান হিসেবে শির সঙ্গে মিন অং হ্লাইংয়ের শুক্রবারের বৈঠকটি তার প্রথম বৈঠক হলেও জেনারেল এর আগে ক্ষমতা দখলের এক বছর আগে ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে চীনা নেতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত