লা লিগার শিরোপা নির্ধারণী এল ক্লাসিকো আজ

আপডেট : ১১ মে ২০২৫, ১২:১১ এএম

লা লিগায় দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সেলোনা। ৩৫তম রাউন্ডের ম্যাচে কাতালান ক্লাবটি আজ নিজেদের মাঠে খেলবে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে। ফুটবল বিশ্লেষক অনেকের মতে এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করবে এবার কোন দল জিতবে লা লিগার শিরোপা।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে এল ক্লাসিকোতে এখন হারই নিয়তি রিয়াল মাদ্রিদের! এই মৌসুমেই তিনবার বার্সার কাছে হেরেছে রিয়াল। সেই ম্যাচগুলোর স্কোর ছিল ৪-০, ৫-২, ৩-২। তবু পরিসংখ্যান কথা বলছে রিয়াল মাদ্রিদের হয়ে। ম্যাচটা বার্সেলোনার মাঠে বলেই পরিসংখ্যানটা রিয়ালের পক্ষে! বার্সেলোনার মাঠে শেষ পাঁচ ক্লাসিকোর চারবার জিতেছে রিয়াল মাদ্রিদ। দশটা অ্যাওয়ে ক্লাসিকোর পাঁচটাতে জয়, তিনটা ড্র রিয়ালের। মোট মুখোমুখি লড়াইয়েও এগিয়ে রিয়াল। মাদ্রিদের জয় ১০৫ ম্যাচে, বার্সার ১০৩টিতে, ড্র ৫২ ম্যাচ। লা লিগায় এটি ১৯০তম এল ক্লাসিকো।

চ্যাম্পিয়নস লিগ সেমিতে ইন্তার মিলানের বিপক্ষে হারে বার্সেলোনা। তবে বার্সার ভাবনায় এখন শুধুই এল ক্লাসিকো জানালেন কোচ হান্স ফ্লিক। ‘মিলানে হারের পর সবাই জানি, (ক্লাসিকো) লড়াই সহজ হবে না। অমন একটি ম্যাচের পর এটা সহজ নয়। তবে আমরা ভালো করছি। এখনো চারটি ম্যাচ বাকি, আর ক্লাসিকো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যা করতে চাই, তা নিয়ে আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে। সবাই জানে যে, ক্লাসিকোয় তাকে শতভাগ দিতে হবে। আগ্রাসী হতে হবে, দাপুটে থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবে ভক্তদের সমর্থন, আমরা খেলব ঘরের মাঠে।’

চলতি আসরে এ নিয়ে চতুর্থবার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল। আগের তিন ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন ফ্লিক, এর দুটিতে পেয়েছেন শিরোপার ছোঁয়া। আরেকটি জয়ে লা লিগায় শিরোপার দুয়ারে চলে যাবে বার্সেলোনা। তবে ফ্লিক এসব নিয়ে খুব একটা ভাবছেন না, তার মনোযোগ কেবল তিন পয়েন্টে। ‘এই ধরনের ম্যাচে মাদ্রিদও জিততে চাইবে, আমরাও জয়ই চাইব। আমি শিরোপা নিয়ে উদ্বিগ্ন নই, আমরা জিততে চাই। আমরা এভাবেই ম্যাচটা খেলতে চাই, স্রেফ ম্যাচটাতে নজর দিতে চাই।’

আলেহান্দ্রো বাল্দে ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ মিস করেছিলেন। তবে বার্সার বিপক্ষে তিনি ফিরছেন এমনই খবর। তবে ফ্লিক জানিয়েছেন রবার্ট লেভানডফস্কি শুরুর একাদশে নামবেন না।

শিরোপা দৌড়ে টিকে থাকতে রিয়ালের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এল ক্লাসিকোতে জয় পেলেও বার্সার চেয়ে এক পয়েন্টে পিছিয়ে থাকবে তারা। এল ক্লাসিকোর পর রিয়ালের পরবর্তী তিন ম্যাচের প্রতিপক্ষ মায়োর্কা, সেভিয়া ও সোসিয়াদাদ। মায়োর্কার বিপক্ষে প্রথম দেখায় ১-১ গোলে ড্র হয় ম্যাচ। বাকিদের বিপক্ষে জয় পেয়েছিল রিয়াল। বার্সার পরবর্তী তিন ম্যাচের প্রতিপক্ষ এস্পানিওল, ভিয়ারিয়াল ও বিলবাও। তিন দলের বিপক্ষেই এবার প্রথম দেখায় জিতেছে বার্সেলোনা।

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে থাকছেন না এই মৌসুম পর তা অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত