ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৩৫ এএম

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্র্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া)-এর ওপর এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।’

আইন উপদেষ্টা বলেন, ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে।’ তিনি বলেন, ‘ফরহাদ (ফরহাদ মজহার) ভাই, বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই। আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব। এজন্য প্রধান উপদেষ্টা এবং আমি সাউথ আফ্রিকায় যাব। ফিরে এসে আপনাদের বিস্তারিত জানানো হবে।’

তিনি বলেন, ‘অনন্তকাল হানাহানি করে এ জাতির মুক্তি হবে না। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যারা গণহত্যার মতো, মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে, তারা খুব বেশিসংখ্যক না। তাদের উপযুক্ত, যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। তারা যে এ জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে যাব, যাতে বড় বড় গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধকারী, তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে, সেটাও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এস্টাবলিস্ট হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত