ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর শ্রীমঙ্গলে ৫ ট্রেন লাইনচ্যুত

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৩৭ এএম

ব্রাহ্মণবাড়িয়া গত ২৪ ঘণ্টায় তিন ট্রেনসহ ফরিদপুরের ভাঙ্গা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে রেল যোগাযোগ বিঘিœত হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় তিনটি ট্রেন লাইনচ্যুত : ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী একটি কনটেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। রাত ১০টা ২২ মিনিটের দিকে জেলা শহরের পৈরতলা রেলক্রসিং এলাকায় (বিশ^রোড গেট) মালবাহী কনটেইনার ট্রেনের পেছন থেকে ১১ নম্বর বগির ট্রলি থেকে উল্টে চট্টগ্রাম অভিমুখী ডাউনলাইনে গিয়ে পড়ে। এতে ওই বগির কয়েকটি চাকা-ট্রলি খুলে রেললাইনের ওপর পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আপ ও ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পৈরতলা রেলক্রসিং কুমিল্লা-সিলেট মহাসড়কের মধ্যে পড়েছে। পৈরতলা রেলক্রসিং এলাকায় বগি উল্টে যাওয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল ভোর ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন মালবাহী বগিটি উদ্ধার করে লাইন সচল করে। সাড়ে ৭ ঘণ্টা পর সড়কপথে যান চলাচল স্বাভাবিক হয়। লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধারের পর একই স্থানে আবারও গতকাল ভোর ৬টার দিকে যাত্রীবাহী কক্সবাজারগামী এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউনলাইনে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে দুটি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আখাউড়া রেলওয়ে জংশনে কনটেইনার ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। গতকাল সোয়া ২টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার জসিম উদ্দিন বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর ভোরে মালবাহী ট্রেনের বগি উদ্ধার করে। এর এক ঘণ্টা পর একই স্থানে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন আগে থেকে ঘটনাস্থলে থাকায় বগিটি দ্রুততম সময়ে উদ্ধার করা সম্ভব হয়। সকাল ৭টার আপলাইনে এবং সাড়ে ৮টায় ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, বেলা ২টার দিকে ঢাকা অভিমুখী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া জংশন হওয়ায় এতে ট্রেন চলাচলে বিঘœ ঘটেনি। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের চেষ্টা চলছে।

ভাঙ্গায় জংশনে ঢাকা-খুলনাগামী জাহানাবাদ ট্রেনের লাইনচ্যুত : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বগি ও লাগেজবগি লাইনচ্যুত হয়ে পড়ে প্রায় ১২ ঘণ্টা বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ সময় কয়েকশ ট্রেনযাত্রী ভোগান্তিতে পড়ে। এ দুর্ঘটনা ঘটে শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার বামনকান্দা জংশনে। বিষয়টি নিশ্চিত করেন বামনকান্দা জংশন মাস্টার সাকিব হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে ৮টায় ছেড়ে ভাঙ্গা জংশনে এসে রাত ৯টা ১০ মিনিটে এসে পৌঁছায়। সেখান থেকে ট্রেন মাস্টারের পারমিশন ছাড়াই একজন অনভিজ্ঞ স্টাফ পয়েন্ট থেকে পজিশন চেঞ্জ করার সময় ভুলবশত ইঞ্জিনের বগি ও লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়ে পড়ে। পরে খবর পেয়ে রাজবাড়ী জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওঠালে গতকাল সকাল ৯টার দিকে সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত : মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর তেলবাহী খালি একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল দুপুর দেড়টার সময় শ্রীমঙ্গল রেলস্টেশন এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে দুপুরে তেলবাহী একটি খালি ট্রেন ঘোরানোর সময় ইঞ্জিনবগি লাইনচ্যুত হয়ে পাশে মাটির মধ্যে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি বসতবাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষতি হয়নি। এর আগেও একই জায়গায় ওয়াগনসহ ট্রেন লাইনচ্যুত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত