নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আইনগত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা দরকার। নির্বাহী আদেশে দলটি নিষিদ্ধ হলে গণহত্যাসহ তাদের শত সহস্র অপরাধ ঢাকা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, দেশে জবরদস্তি করে ফ্যাসিবাদী দুঃশাসন চালাতে গিয়ে অনেক আগেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। গত ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের ভেতর দিয়েও আরেক বার আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি সুযোগ রয়েছে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যতটা না আইনগত তার চেয়ে বেশি রাজনৈতিক বিষয়। সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে মতৈক্য প্রয়োজন।
