আজ আন্তর্জাতিক নার্স দিবস। নার্সরা রোগীর পরিচর্যা করেন, যা মানবসেবায় অনন্য এক দায়িত্ব। ইসলামে রোগীর পরিচর্যা করার বিষয়টি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। কোনো ব্যক্তি অসুস্থ হলে আমাদের কর্তব্য, তার দেখাশোনা ও প্রয়োজনীয় পরিচর্যা করা। এটি ইসলামের পাঁচটি পারস্পরিক হকের মধ্য অন্যতম। বাড়িতে সাধারণত আত্মীয়স্বজন এ কাজটি করে থাকে। কিন্তু জটিল রোগের ক্ষেত্রে মানুষকে অনেক সময় হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণের আবশ্যকতা দেখা দেয়। তখন চিকিৎসার পাশাপাশি রোগীর বিশেষ সেবা-যত্নেরও প্রয়োজন হয়। ফলে যুগের প্রয়োজনে নার্সিং একটি পেশায় রূপান্তরিত হয়।
ইসলাম নার্সিং সেবায় উদ্বুদ্ধ করেছে। বিশেষ করে মহিলা রোগী, গর্ভবতী নারীদের বিশেষ পরিচর্যা এবং সন্তান ডেলিভারি সংক্রান্ত কাজে মহিলা নার্সের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে এর জন্য কতিপয় শর্ত রয়েছে। ইসলামের নীতি হলো, পুরুষ নার্স পুরুষ রোগীদের সেবা করবে আর নারী নার্স নারী রোগীদের সেবা করবে। মধ্যযুগীয় মুসলিম সমাজে নির্মিত হাসপাতালগুলোতে পুরুষ নার্সরা পুরুষ রোগীদের এবং মহিলা নার্সরা মহিলা রোগীদের সেবা দিতেন। বিশেষ পরিস্থিতি বা জরুরি অবস্থা ছাড়া এর ব্যতিক্রম করা যাবে না।
ইসলামের প্রথম নার্স ছিলেন নারী সাহাবি রুফাইদা (রা.)। তিনি বনু খাজরাযের আসলাম গোত্রের সদস্য ছিলেন। রাসুল (সা.) মদিনায় আগমনের আগেই এ নারী সাহাবি ইসলাম গ্রহণ করেন। যারা রাসুল (সা.)-কে মদিনায় তার আগমনের দিন অভ্যর্থনা জানান, তিনি ছিলেন তাদের অন্যতম। রুফাইদা (রা.)-এর পিতা সাদ আল-আসলামি মদিনার মানুষদের চিকিৎসা করতেন।
আমাদের কাছে আধুনিক নার্সিং বা রোগীসেবার জনক ফ্লোরেন্স নাইটিংগেল। ১৮৫০ সালে ক্রাইমিয়ার যুদ্ধে ফ্লোরেন্স আহত সৈন্যদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। মানবসেবার ইতিহাসে তিনি অমর। কিন্তু অনেকেই জানেন না যে ফ্লোরেন্সের প্রায় ১২০০ বছর আগে মদিনার আনসার নারীদের মধ্যে একজন মানবসেবায় আত্মনিয়োগ করে ইসলামি ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি আমাদের প্রিয় নবী রাসুল (সা.)-এর যুদ্ধে আহতদের সেবিকা হিসেবে নিজেকে নিয়োজিত করেছিলেন। যুদ্ধক্ষেত্রে নিজের তাঁবুতে তিনি তৈরি করেন ‘খিমাতু রুফাইদা’ বা রুফাইদার সেবাক্ষেত্র নামক অস্থায়ী চিকিৎসাকেন্দ্র।
বনু খাজরায আসলাম গোষ্ঠীতে রুফাইদার জন্ম হয়। ছোট থেকেই রুফাইদা তার বাবাকে চিকিৎসা কাজে সাহায্য করতেন। বলা যায়, নিজের বাবার হাতেই তার রোগ নিরাময় ও চিকিৎসাজ্ঞান শেখা। তিনি যেন জানতেন, তাকে মানুষের সেবা করতে হবে। সেই হিসেবেই নিজেকে তৈরি করেছিলেন রুফাইদা।
ইমাম বুখারি (র.) ‘আদাবুল মুফরাদ’ কিতাবে লিখেছেন, মসজিদে নববীর পাশে তার একটি তাঁবু ছিল। যেখানে তিনি অসুস্থদের সেবাদান করতেন। খন্দকের যুদ্ধে সাদ ইবনে মুয়াজ (রা.) আহত হলে রাসুল (সা.) তাকে সেই তাঁবুতে রেখে চিকিৎসার আদেশ দেন। মদিনার আনসার-মুহাজিরদের অন্যান্য নারী সাহাবিদের তিনি নার্সিং প্রশিক্ষণ দেন। তার শিষ্য নারী সাহাবিরা বদর, ওহুদ, খন্দক ও খায়বারসহ অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করে আহতদের চিকিৎসা সেবাদান করতেন।
রাসুল (সা.) খায়বারের যুদ্ধে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রুফাইদা (রা.) ও একদল স্বেচ্ছাসেবী নার্স (নারী সাহাবি) তার কাছে এসে বললেন, হে আল্লাহর রাসুল! আমরা আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আহতদের সেবা করার পাশাপাশি মুসলিমদের যতটুকু সম্ভব সাহায্যের চেষ্টা করব। রাসুলুল্লাহ (সা.) অনুমতি দিলেন। কেউ আহত হলে তিনি তাকে রুফাইদার তাঁবুতে পাঠিয়ে দিতেন। তিনি ও তার স্বেচ্ছাসেবী নার্স বাহিনী খুবই চমৎকারভাবে এ কাজ সম্পন্ন করেন। ফলে খুশি হয়ে রাসুল (সা.) খায়বার যুদ্ধের গনিমতের একটা অংশ রুফাইদা (রা.)-এর জন্য বরাদ্দ করেন। তাকে যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদের সমান মর্যাদা দেওয়া হয়েছিল। ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানীরা ঊনবিংশ শতাব্দীর ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে নার্সিংয়ের পথিকৃৎ বলেন। কিন্তু অনেক মুসলিম ঐতিহাসিক বলেন, ‘নার্স’ কথাটি ইতিহাসে প্রথম রুফাইদা (রা.) এর ক্ষেত্রেই প্রয়োগ করা যায়।
রুফাইদা (রা.) দিনরাত এক করে নিজেকে নিয়োজিত রেখেছেন মানবসেবায়। যুদ্ধের কঠিন মুহূর্তে মৃত্যুভয়ও তাকে আহতদের সেবা থেকে বিরত রাখতে পারেনি। পরবর্তী সময়ে শান্তিপূর্ণ অবস্থাতেও মানুষ ছুটে আসত তার কাছে। তিনি শুধু রোগ নিরাময় করতেন তা নয়, নানাবিধ সামাজিক উন্নতির কাজও করতেন। তিনি ছিলেন সম্পূর্ণভাবে ইসলামের প্রতি আত্মনিমগ্ন। নিজের সম্পদ ও অর্থ ব্যয় করে চিকিৎসা ও সেবা প্রদান করতেন সব আর্ত ও অসুস্থকে। রুফাইদা (রা.) ইসলামি ইতিহাসে এক উজ্জ্বল আলোকবর্তিকা। তার সম্মানে আগা খান বিশ্ববিদ্যালয় একটি নার্সিং কলেজ স্থাপন করেছে। শুধু তাই নয়, বাহরাইনের রয়্যাল কলেজ অব সার্জন ইন আয়ারল্যান্ডের ছাত্র-ছাত্রীদের রুফাইদা আল আসলামিইয়া পুরস্কার দেওয়া হয়।
মানুষের সেবা করা এমন এক আমল, যা দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়। কেননা সব সৃষ্টি আল্লাহর পরিবার। সুতরাং সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সেই সর্বাধিক প্রিয়, যে আল্লাহর পরিবারের প্রতি অনুগ্রহ করে। যারা সৃষ্টিকে ভালোবাসে, সৃষ্টির সেবা করে, তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর যারা আল্লাহর প্রিয়পাত্র, তাদের নাজাত পেতে কোনো বেগ পেতে হবে না। যখন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদতের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে পার হওয়া কঠিন হবে, তখন বিভিন্ন আমল নাজাতের অসিলা হবে। এর ভেতর এ সৃষ্টিসেবাও এক বিশেষ আমল, যা দ্বারা আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায়, যা মানুষের মুক্তির অসিলা হবে। আল্লাহর প্রিয় হতে হলে মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা দিতে হবে। আল্লাহর প্রেম অর্জন করতে হলে মানুষের প্রতি, সৃষ্টির প্রতি প্রেম নিবেদন করা চাই।