বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ১২ মে ২০২৫, ১২:২৩ এএম

গুরুদাসপুরে মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের দেওয়া বক্তব্যের জেরে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে একপক্ষের দুজন গুলিবিদ্ধ হওয়ার দাবি করা হয়েছে। এরপরই পন্ড হয়ে যায় বিএনপির সভা।

পৌর সদরের চাঁচকৈড় বাজারের শিক্ষা সংঘ সড়কে শনিবার রাতে ওই ঘটনা ঘটে। পরে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখার কথা জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় অন্তত ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিতে আব্দুল আজিজের সমর্থক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন আহত হওয়ার দাবি করা হয়েছে।

মশিউর রহমান বাবলু বলেন, মতবিনিময় সভায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়েছে। ওই হামলায় তার পক্ষের দুই নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকার বলেন, আব্দুল আজিজ উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তাদের এক নেতা প্রতিবাদ করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন বলছেন, শিক্ষা সংঘের ভেতরে আলোচনা সভায় আব্দুল আজিজ বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে চাঁচকৈড়ের প্রেগ্রাম বিশ্বরোডে নিয়ে গিয়েছি, দুলাল সাহেব এবং বাবলু সাহেবের অনুমতি সাপেক্ষে। কারণ রাজনীতি তো আমরা তিনজন-ই করি।  আমরা বিগত সময়ে দলের দুর্দিনে, দুঃসময়ে আন্দোলন সংগ্রামে কাউকেই খুঁজে পাইনি।’ এসময় তার বক্তব্যের প্রতিবাদ জানায় অন্য পক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত