পাওনা ৫০০ টাকার জন্য দিনমজুরকে হত্যা

আপডেট : ১২ মে ২০২৫, ১২:২৫ এএম

নরসিংদীর পলাশে ইসমাইল নামে (৪৫) এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মিয়ার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে। তিনি পলাশের খিলপাড়ার পূবালী এলাকার একটি কলোনিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের সড়কে দাঁড়িয়ে ছিলেন ইসমাইল। এ সময় একই গ্রামের আছান আলীর ছেলে আফজাল হোসেনের সঙ্গে তার দেখা হয়। এর আগে আফজালের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিলেন ইসমাইল। আফজাল টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে আফজাল একটি ছুরি দিয়ে ইসমাইলের কোমরে আঘাত করেন। স্থানীয়রা ইসমাইলকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়েছে। পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা যায়, ৫০০ টাকার লেনদেন নিয়ে ইসমাইল ও আফজালের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আফজাল তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত