মুন্সীগঞ্জের গজারিয়ায় মামলায় সাক্ষ্য দেওয়ায় ফিরোজ সরকার ও আব্দুল বাসেতের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ লাখ টাকা, সাতটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। গত শনিবার রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেকু হাসানের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। ভুক্তভোগী ফিরোজ সরকার বলেন, আমি একজন কৃষিজীবী মানুষ। নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করি। গ্রামের আব্দুল বাসেতের একটি মামলায় আমি সাক্ষ্য দেওয়ায় সন্ত্রাসী হাসানের নেতৃত্বে আমার বাড়িঘর ভাঙচুর চালিয়ে নিঃস্ব করে দিয়েছে।
