বর্তমান চলমান তাপপ্রবাহের মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কভিড মহাখালী হাসপাতালে তত্ত্বাবধানে একটি হিট স্ট্রোক সেন্টার খোলা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালটিতে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। গতকাল রবিবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯-এ যোগাযোগ করে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন।
তাছাড়া চলমান তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় ডিএনসিসি এলাকার মসজিদগুলোর কমিটির মাধ্যমে বেলা ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাসমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ডিএনসিসির প্রশাসক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে।
