টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ বেশে ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেরুয়া আন্ডারপাস এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। মির্জাপুর থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের নামে মামলা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোয়াহ গাড়ি, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশ ব্যাগ ও তিনটি ওভারকোট (পুলিশের পোশাক) জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাহবাগ এলাকার আব্দুল হালিমের ছেলে কাউছার আকরাম (৫৭) ও চট্টগ্রাম জেলার বোয়ালমারী থানার পূর্ব গুমদ-ী এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে মো. শতকত আলী।
দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর নবী বলেন, রাতে মহাসড়কে টহলরত অবস্থায় দেরুয়া এলাকায় একটি নোয়াহ গাড়ির পাশে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। পরিচয় জানার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করতে সক্ষম হই।
