রওশনের ‘সুন্দর মহলে’ হামলা ভাঙচুর

আপডেট : ১৬ মে ২০২৫, ০৬:৪৬ এএম

ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈত্রিক বাড়িতে ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ ক্ষুব্ধ জনতা বাড়িটিতে ভাঙচুর চালায়। এ সময় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর ও পুরনো বাড়িটির ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, বিগত সরকারের আমলে যতগুলো বিনা ভোটে নির্বাচন হয়েছে, সবকটিতেই রওশন এরশাদ সমর্থন জানিয়েছেন শেখ হাসিনাকে। গণতন্ত্র হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। জাতীয় পার্টির নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে গণহত্যায় পুরোপুরি সমর্থন দিয়েছে। এখন তারা গা বাঁচাতে সুশীলদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুশীলতার আড়ালে তারা আওয়ামী লীগকেই পুনর্বাসন করতে চায়।

সুন্দর মহলের কেয়ারটেকার মোখলেছুর রহমান বলেন, হঠাৎ লোকজন গেটের ভেতর প্রবেশ করে। পরে নতুন নির্মাণ করা ইটের দেওয়াল ভেঙে দেয়। আসবাবপত্রও ভাঙচুর করে।

জানা গেছে, সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ময়মনসিংহের পৈত্রিক বাড়িটি ‘সুন্দর মহল’ নামে পরিচিত। এই বাড়িতে রওশন এরশাদের পৈত্রিক বাড়ি হলেও এই বাড়ি থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা হতো। এই বাড়িটি জাতীয় পার্টির কার্যালয় হিসেবে সবার কাছে পরিচিত। ৫ আগস্টের পর রওশন এরশাদের নির্দেশে বাড়িটিতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, ৫ আগস্ট পরবর্তী সময়ে রওশন এরশাদের পৈত্রিক বাড়িকে ‘দালাল মহল’ হিসেবে চিহ্নিত করা করে সাইনবোর্ড টানায় ছাত্র-জনতা। কিন্তু সম্প্রতি রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছ থেকে বাড়িটি কুটুমবাড়ি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান ১২ বছরের জন্য ভাড়া নেন। পরে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজও শুরু হয়। এই খবরে ২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন্তু স্মারকলিপি দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থায় গতকাল সেখানে হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘দালাল মহলকে’ বাণিজ্যিক ভবন বানানোর পাঁয়তারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও সেটি বন্ধ হয়নি। এ অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন্ট নির্মাণ কাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম জানান, বাড়িকে ঘিরে ছাত্র-জনতার ক্ষোভ রয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত