বগুড়ায় উদীচীর জাতীয় সংগীত পরিবেশনায় বাধা ও কার্যালয়ে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের চৌরাস্তা এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। প্রতিবাদ সমাবেশে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানোর পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী।
এ সময় বক্তারা বলেন, যারা বাংলাদেশকে অস্বীকার করে, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারাই আজ জাতীয় সংগীত ও জাতীয় পতাকা অবমাননা করছে। উদীচীর মঞ্চে এবং কার্যালয়ে যারা হামলা করেছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। সমাবেশে বক্তব্য দেন উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, সহসভাপতি অমল টিক্কু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সংস্কৃতিকর্মী মাসুদ আহম্মেদ সুবর্ণ, মাহবুব হোসেন রুবেল প্রমুখ। পরে উদীচীর শিল্পী ও সমাবেশে অংশগ্রহণকারীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।
