কাক্সিক্ষত শিরোপা ঘরে এসেছে। এমন আনন্দের দিনেও একটা আক্ষেপ থেকেই যাচ্ছে মোহামেডানের। লিগ সেরা হয়েও যে তাদের এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হবে না! ক্লাব অফিশিয়ালদের অদূরদর্শিতায় সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার জোগাড়। আন্তর্জাতিক আসরে খেলতে প্রয়োজনীয় ক্লাব লাইসেন্সিংয়ে শর্তগুলো মেনে আবেদন করেনি। এএফসির ক্লাব লাইসেন্স পেতে যে তথ্য ও কাগজাদি জমা দেওয়ার কথা ছিল, সে সব শর্ত পূরণে ব্যর্থ হয়েছে মোহামেডান। ফলে শিরোপা জয়ের পরও মোহামেডানের এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা সম্ভাবনা বড্ড ক্ষীণ।
এ নিয়ে কথা বলতে গিয়ে হতাশা লুকাননি দলের অভিজ্ঞ সেন্টারব্যাক মেহেদী হাসান মিঠু, ‘আমরা সবসময় চাই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে। কিন্তু কেন অফিশিয়ালরা ঠিকমতো আবেদন করেননি সেটা তারাই বলতে পারবে।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ক্লাব লাইসেন্সিংয়ের আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। এই সময়ে মোট পাঁচটি ক্লাব শর্ত মেনে লাইসেন্সিং করার ইচ্ছে প্রকাশ করেছিল। মোহামেডানও ছিল সেই তালিকায়। তবে সঠিক সময়ে সঠিক তথ্য ও ডকুমেন্ট জমা করেনি মোহামেডান। তাই তাদের লাইসেন্স পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
